তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে নিয়োগের অধ্যক্ষের সিদ্ধান্তের ওপর আপাতত কোনো অন্তর্বর্তী নির্দেশ দিতে অস্বীকার করেছে কলকাতা হাইকোর্ট। এর ফলে ঋতব্রতই বিধানসভার বিরোধী দলনেতা পদে থাকছেন।
বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে অধ্যক্ষ রথীন্দ্র বসুর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বিচারপতি কৃষ্ণা রাও, বিবাদি পক্ষকে তিন সপ্তাহের মধ্যে এবং মামলাকারীকে ৫ সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন। ২৮ জুলাই মামলার পরবর্তী শুনানি।
